সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন ১৩ নং বিছানাকান্দি ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের বগাইয়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
বগাইয়া গ্রামের আবুল কালাম (৫৫) ও তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগম (৪০)-এর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। আজ সকাল আনুমানিক ১১:০০ টার দিকে হোসনেয়ারা বেগম নিজ বসতঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তাঁর স্বামী আবুল কালাম পিছন দিক থেকে অতর্কিতভাবে দা দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর আহত করেন।
হঠাৎ চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় হোসনেয়ারা বেগমকে উদ্ধার করেন। পরে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সংবাদ পেয়ে উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য মো: শাহাবুদ্দিন মোবাইল ফোনে ১৩ নং বিছানাকান্দি ইউনিয়নের আনসার ও ভিডিপি দলনেত্রী মোছা: পিয়ারা বেগমকে অবহিত করেন।
সংবাদ পাওয়ার পর আনসার ও ভিডিপির দলনেত্রী মোছা: পিয়ারা বেগম, ইউনিয়ন দলনেতা মোঃ শাহিদ আহমদ এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তাৎক্ষণিক তৎপরতা চালিয়ে অভিযুক্ত আবুল কালামকে আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে আটককৃত আবুল কালামকে গোয়াইনঘাট থানায় পুলিশের নিকট সোপর্দ করা হয়। বর্তমানে তিনি গোয়াইনঘাট থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।
স্থানীয়দের মতে, আনসার ও ভিডিপি সদস্যদের দ্রুত ও সাহসী পদক্ষেপের কারণে অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়েছে। জননিরাপত্তা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করার মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করে চলেছে, এ ঘটনাও তার আরেকটি উজ্জ্বল উদাহরণ।



No comments: